অর্থ আত্মসাৎ: ই-নিডস চেয়ারম্যান মার্শাল গ্রেপ্তার

অর্থ আত্মসাৎ: ই-নিডস চেয়ারম্যান মার্শাল গ্রেপ্তার
ফাইল ছবি
Advertisement
Advertisement

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-নিডস ডটকম’-এর চেয়ারম্যান ওয়াহিদ ইকবাল মার্শালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক গ্রাহকের ৩ কোটি ৫০ লাখ ২৯ হাজার ৫২০ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর বনানী ১১ নম্বর সড়কের একটি রেস্তোরাঁ থেকে উত্তরা পূর্ব থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের নথি অনুযায়ী, ব্যবসায়ী সৈয়দ ইকবাল হাসান মাহমুদ গুলশান থানায় এই সিআর মামলাটি দায়ের করেন। মামলায় ই-নিডসের চেয়ারম্যান ওয়াহিদ ইকবাল মার্শাল ছাড়াও ব্যবস্থাপনা পরিচালক নাহিদ ইকবাল এবং পরিচালক সায়মা আফরিনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ই-নিডসের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ৩৪৪টি মোটরসাইকেল কেনার জন্য মোট ৩ কোটি ৫০ লাখ ২৯ হাজার ৫২০ টাকা পরিশোধ করেন বাদী।

আরও পড়ুন

প্রতিটি মোটরসাইকেল ১ লাখ ১ হাজার ৮৩০ টাকা মূল্যে ১৫ কার্যদিবসের মধ্যে সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্ধারিত সময়ে কোনো পণ্য বুঝিয়ে দেওয়া হয়নি।

অভিযোগ রয়েছে, পণ্য সরবরাহে ব্যর্থ হয়ে আসামিরা অর্থ ফেরতের আশ্বাস দিয়ে দুটি চেক প্রদান করেন, কিন্তু নগদ টাকা দেওয়ার কথা বলে চেকগুলো ব্যাংকে জমা না দিতে অনুরোধ করেন।

এভাবে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করা হয়নি। সর্বশেষ পাওনা অর্থ চাইতে গেলে বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে বের করে দেওয়া হয়। দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬ ও ১০৯ ধারায় দায়ের হওয়া এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুন।

উল্লেখ্য, ২০২১ সালে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগে ই-নিডস দেশজুড়ে ব্যাপক সমালোচিত ও বিতর্কিত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর