বিশ্বকাপে ফিফার চালু করা নতুন ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার মতে, ঘন ঘন এই বিরতি ম্যাচের স্বাভাবিক প্রবাহ বা গতিকে ব্যাহত করছে এবং দলগুলোর জন্য খেলাটিকে আরও কঠিন করে তুলছে।
সোমবার ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ‘জে’গ্রুপের ম্যাচের আগে স্কালোনি জানান, প্রতি অর্ধে বাধ্যতামূলক এই তিন মিনিটের বিরতি ম্যাচের পরিস্থিতি বদলে দিয়েছে এবং কোচদের কৌশলগত পরিবর্তনের বাড়তি সুযোগ করে দিচ্ছে।
রোবরের ডালাসের তীব্র গরম ও নতুন নিয়ম নিয়ে সাংবাদিকদের স্কালোনি বলেন, ‘বিশেষ করে গ্রুপ পর্বে কোনো ম্যাচই সহজ নয়। ঐতিহাসিকভাবে এবং এখন এই ৪৮ দলের ফরম্যাটেও গ্রুপ পর্ব সব সময় কঠিন। এখন আবার এই প্রচণ্ড গরম আর হাইড্রেশন ব্রেকের কারণে খেলা অনবরত থামছে।’
স্কালোনি প্রথমে ইঙ্গিত দেন, এই বিরতিগুলো তুলনামূলক ছোট দলগুলোকে ম্যাচে নতুন করে গুছিয়ে ওঠার এবং ক্লান্তি কাটিয়ে ওঠার বাড়তি সময় দিয়ে সাহায্য করতে পারে। পরে তিনি ব্যাখ্যা করেন, এই বিরতি আসলে উভয় পক্ষকেই সুবিধা দিচ্ছে। কোচরা প্রথমার্ধ শেষ হওয়ার আগেই খেলা মূল্যায়ন করতে এবং কৌশলগত পরিবর্তন আনার জন্য এই সময়টুকুকে ব্যবহার করতে পারছেন।
ম্যাচের নতুন রূপ নিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘ম্যাচ চারটি অংশে বিভক্ত হওয়ার ধারণাটি এখন বাস্তব। খেলোয়াড়দের আসা-যাওয়ার সময়ের মাঝে বিরতিতে আমরা তাদের সঙ্গে কথা বলার জন্য মাত্র সাড়ে তিন মিনিট সময় পাই। এই ২২ বা ২৩ মিনিটের ওপর ভিত্তি করে আমার মাথায় থাকা পুরো পরিকল্পনা বদলে যেতে পারে। এটি মূলত একটি স্বাভাবিক হাফ-টাইমে যা করা হয়, তেমনই।’
৪৮ বছর বয়সী এই কোচ স্বীকার করেছেন, এই নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়াটা বেশ কঠিন ছিল। তিনি বলেন, ‘এর সঙ্গে মানিয়ে নেওয়াটা অদ্ভুত। একসময় হয়তো এটি স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে এটি বেশ অস্বাভাবিক লাগছে কারণ এতে খেলার ছন্দ ভেঙে যাচ্ছে।’
উল্লেখ্য, স্বাগতিক শহরগুলোর চরম গরম থেকে খেলোয়াড়দের সুরক্ষা দিতে ফিফা এই বিশ্বকাপে প্রতিটি ম্যাচে বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক চালু করেছে–আবহাওয়া যেমন হোক না কেন।
নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলের সহজ জয় নিয়ে সোমবারের ম্যাচে নামছে আর্জেন্টিনা। অন্যদিকে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে অস্ট্রিয়াও। ‘জে’গ্রুপে দুই দলের সংগ্রহ এখন ৩ পয়েন্ট।
রালফ রাংনিকের দলের বিপক্ষে একটি কঠিন লড়াই আশা করছেন স্কালোনি। তিনি বলেন, ‘অস্ট্রিয়ায় খুব ভালো খেলোয়াড় আছে। তারা একটি দুর্দান্ত দল, হাই-প্রেস করে খেলে এবং সরাসরি আক্রমণে ওঠে। তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ম্যাচটি জটিল হবে।’
প্রথম রাউন্ডে বেশ কয়েকটি চমকপ্রদ ফলাফল এলেও স্কালোনি বিশ্বাস করেন, ফুটবলের ঐতিহ্যবাহী পরাশক্তিরাই শেষ পর্যন্ত ট্রফি জয়ের মূল দাবিদার হিসেবে টিকে থাকবে।


