আগামী আগস্ট মাসেই অগ্রাধিকার ভিত্তিতে পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এই রুটের জন্য লোকোমোটিভ ইতোমধ্যে প্রস্তুত রয়েছে এবং আগামী জুলাই মাসে নতুন কিছু কোচ দেশে আসবে।
শনিবার বিকালে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, এখানে কেউ একে অপরের প্রতিপক্ষ নয়। কোনো বিশেষ শ্রেণিকে লালন না করে কেবলই জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হবে। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শেখ রবিউল আলম আরও জানান, চলতি বছরের আগস্ট মাসে দুটি রুটে নতুন করে ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্যে প্রথমে ঢাকা-পাবনা এবং পরবর্তীতে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন চলাচল শুরু করবে।
কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাবনাবাসীর দাবি এবং বৃহত্তর জনস্বার্থ বিবেচনা করে এই প্রকল্প বাস্তবায়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। প্রকল্পটির প্রাথমিক কার্যক্রম হিসেবে ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


