সাভারের আশুলিয়ায় ঘরে মোবাইল চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী মিজানুর রহমান (৪৪) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।
রোববার দুপুর ২টার দিকে ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৩টার দিকে ৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নিহত মিজানুর রহমানের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার লাঙলমোড়া গ্রামে। তার বাবার নাম সিদ্দিকুর রহমান। তিনি আশুলিয়া এলাকায় থেকে কাপড়ের ব্যবসা করতেন। তার স্ত্রী ও চার সন্তান গ্রামের বাড়িতে থাকেন। আশুলিয়ার ওই কক্ষটিতে তিনি একাই থাকতেন।
প্রতিবেশীরা জানান, শনিবার রাত ১২টার দিকে মিজানুরের ঘরে হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। চিৎকার শুনে তারা ঘরে ঢুকে মিজানুরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন।
এ সময় ঘরে থাকা মোবাইল ও চার্জার ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রাতে মোবাইল চার্জে দিয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং সেখান থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।


