স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত নোটিশ প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা। দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষকে শুক্রবার রাত পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন তারা।
বৃহস্পতিবার হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ২০২৫-২৬- এর ব্যানারে এই কর্মসূচি হয়। একই সঙ্গে দাবি আদায়ে হাসপাতাল পরিচালকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচিতে বিপুলসংখ্যক ইন্টার্ন চিকিৎসক অংশ নেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা নোটিশ ‘অযৌক্তিক এবং চিকিৎসকদের স্বার্থবিরোধী’ দাবি করে বিক্ষুব্ধ চিকিৎসকরা অবিলম্বে ওই নোটিশ প্রত্যাহারসহ উত্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন এক হুঁশিয়ারিতে জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে শনিবার থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে দেশের অন্য মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও একাডেমিক শাটডাউনের মতো কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও হুঁশিয়ার দেন তিনি।


