কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
সুপ্রিম কোর্টের আইনজীবী মোতাহার হোসেন সাজু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউসুফ হোসেন হুমায়ুন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়কও ছিলেন।
ইউসুফ হোসেন হুমায়ুনের জন্ম ১৯৩৬ সালের ১৪ নভেম্বর ভোলার সদর উপজেলায়। তিনি ছাত্রনেতা হিসেবে স্বাধীনতা যুদ্ধে বরিশাল ও ঢাকার বিভিন্ন রণাঙ্গন থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৬৬ সালে আইনজীবী হিসেবে এবং ১৯৬৯ সালে হাইকোর্ট বিভাগে প্রাকটিসের জন্য তালিকাভুক্ত হন।


