সরকার ঘোষিত কর্মসূচিগুলোর সফল বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অত্যন্ত দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন পর্যালোচনায় আয়োজিত এই সভায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত উন্নয়ন পরিকল্পনা এবং সরকারের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই এই জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য। তিনি মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকারের জনমুখী অঙ্গীকারগুলো বাস্তবায়নে সকলের পূর্ণাঙ্গ সহযোগিতা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এই কর্মসূচির সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে।
মন্ত্রী কর্মসূচির প্রতিটি কার্যক্রমের তথ্য-উপাত্ত ও প্রমাণ যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়ে বলেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সুবিধাভোগীদের তালিকা এবং প্রাপ্ত সুবিধার বিবরণ স্বচ্ছতার সঙ্গে সংরক্ষণ ও প্রচার করতে হবে।
জনগণের সামনে বাস্তব অগ্রগতি উপস্থাপনের জন্য এটি অত্যন্ত জরুরি। তিনি কেবল ওয়েবসাইটভিত্তিক তথ্যের ওপর নির্ভর না করে মাঠপর্যায়ে দৃশ্যমান ও জনবান্ধব তথ্য প্রচারের ওপর জোর দেন।
তিনি আরও উল্লেখ করেন, সরকার এমন একটি স্বচ্ছ পরিবেশ গড়ে তুলতে চায় যেখানে আত্মবিশ্বাসের সঙ্গে সুশাসনের দাবি করা সম্ভব হবে। একটি জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।


