সরকারবিরোধী বিভিন্ন গোষ্ঠী ধর্মীয় গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, তারেক রহমান প্রথমবার এমপি ও প্রধানমন্ত্রী হয়ে এত কাজ করছেন তা অনেকে সহ্য করতে পারছে না।
সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে অপপ্রচার ও সাইবার অপরাধ ঠেকাতে নতুন আঙ্গিকে একটি আইন প্রয়োজন বলে মনে করেন তিনি।
সামাজিক অবক্ষয় ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গ্রামাঞ্চলেও মাদক, জুয়া ও ফেনসিডিলের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক সম্রাটদের মুখোশ উন্মোচনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেটিও খেয়াল রাখতে হবে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, সরকারবিরোধী বিভিন্ন গোষ্ঠী ধর্মীয় গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তিনি দাবি করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো মতপ্রকাশ দমনের পক্ষে নন। বিরোধী মত দমন বা সাংবাদিকদের হয়রানির জন্য আইন ব্যবহার করতে দেওয়া হবে না।
রমজান ও ঈদের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইসলাম ধর্মে স্থানীয়ভাবে চাঁদ দেখেই রোজা রাখা ও ঈদ উদযাপনের নির্দেশনা রয়েছে। সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ করতেই হবে এমন কোনো নির্দেশনা কোরআন-হাদিসে নেই।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, হজ মৌসুমে তিনি নিজেই গভীর রাত পর্যন্ত হাজী ক্যাম্পে অবস্থান করে হাজীদের সমস্যা পর্যবেক্ষণ ও সমাধানের চেষ্টা করছেন। যদি কোথাও খাবারের মান খারাপ হয়, প্রমাণ দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। পর্যটন করপোরেশন খুব ভালো মানের খাবার সরবরাহ করছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে খাবারের দামও কম রাখা হয়েছে।
হজ এজেন্সিগুলোর অনিয়ম ও হজের ব্যয় কমানোর বিষয়ে মন্ত্রী জানান, বর্তমান সরকার ইতোমধ্যে হজ খরচ কিছুটা কমিয়েছে এবং আগামীতে আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে হজের খরচ আরও কমবে ইনশাআল্লাহ।’


