রাঙামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) কালেক্টরকে হত্যার প্রতিবাদে আগামী সোমবার (১১ মে) সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফের তিন সংগঠন।
শনিবার ভোর ৬টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন কালেক্টর হেগেরা চাকমা (৫০)।
খবর ছড়িয়ে পড়তেই সাজেকের উজো বাজারে ইউপিডিএফের তিন অঙ্গ সংগঠন প্রতিবাদ বিক্ষোভ করেছে। এ সময় বক্তারা ১১ মে সাজেক-বাঘাইছড়ি-দীঘিনালা তিন সড়কে সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা দেন।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রবিব ইউপিডিএফ কালেক্টরকে গুলি করে হত্যার ঘটনা নিশ্চিত করলেও কিভাবে তা ঘটেছে এবং কারা গুলি করে হত্যা করেছে তার সঠিক তথ্য দিতে পারেননি। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তারা পৌঁছালে বিস্তারিত জানা যাবে।’


