রাজধানীর এলিফ্যান্ট রোড ও কামরাঙ্গীরচরে পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় রনি তালুকদার (৩২) ও সুমন তালুকদার (১৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় আম পাড়তে গিয়ে এবং সন্ধ্যায় কামরাঙ্গীরচরে ওয়াইফাই লাইনের কাজ করার সময় এই দুর্ঘটনাগুলো ঘটে।
এদিন বিকাল সাড়ে ৪টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় ‘রাখী সু স্টোর’ নামে একটি জুতার দোকানের ওপর থাকা আমগাছে আম পাড়তে ওঠেন রনি তালুকদার। এ সময় গাছের পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হয়ে গাছের ডালে আটকে থাকেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রনি তালুকদার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দুপুর বাধপাড়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচরের কুড়ারঘাট এলাকায় ‘অ্যাপেল নেটওয়ার্ক’ নামক একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সুমন তালুকদার। জানা যায়, একটি সাততলা বাড়ির ছাদে ওয়াইফাই সংযোগের তার টানানোর সময় বাইরে থাকা প্রধান বিদ্যুৎ লাইনের সঙ্গে তার শরীরের সংস্পর্শ ঘটে। অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান যে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। ভোলার সদর উপজেলার মধ্য চরনোয়াবাদ গ্রামের বাসিন্দা সুমন বর্তমানে হাজারীবাগ বিজিবি ১ নম্বর গেট এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন. মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।


