রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার

রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার
Advertisement
Advertisement

শুক্রবার (১ মে) রাত আটটার বাংলা সংবাদের পর পুনরায় প্রচার করা হবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’। এই বিশেষ পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে।

এই পর্বে রাঙামাটির চোখ জুড়ানো রঙ নিয়ে একটি বহুশ্রুত জনপ্রিয় গান ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো…’ গেয়েছেন রবি চৌধুরী এবং চমচমি দেওয়ান। এছাড়াও রয়েছে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নাচ।

এই পর্বে রয়েছে বেশ কয়েকটি প্রতিবেদন। রয়েছে ফেসবুকের ভিন্নতর ব্যবহারের মাধ্যমে অসহায় মানুষকে সেবা দিতে এগিয়ে আসা সিরাজগঞ্জের যুবক মামুন বিশ্বাসের উপর একটি প্রতিবেদন। রয়েছে রাঙামাটির বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনাচার এবং রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর উপর তথ্যভিত্তিক প্রতিবেদন।

এবারের বিদেশি প্রতিবেদন করা হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ ও বন্যা প্রতিরোধ প্রকল্প নেদারল্যান্ডসের ডেল্টা ওয়ার্কসের ওপর।

ইত্যাদি’র দর্শক বাছাই করা হয়েছে রাঙামাটিকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে। দ্বিতীয় পর্বে স্থানীয় ঐতিহ্যবাহী বিভিন্ন বিলুপ্তপ্রায় বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচিতি ও স্থানীয় গানের মিউজিক শুনে সেই গান পরিবেশনের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়।
নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদি’র বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে ও চিঠিপত্র বিভাগ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পর্বটি কেয়া কসমেটিকসের সৌজন্যে প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর