জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৩৯তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মুনিয়া ইসলাম মজুমদার আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছেন।
যুক্তরাজ্যভিত্তিক কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্ট কর্তৃক প্রকাশিত ‘বিশ্বের ১০০ জন তরুণ নেতা’ তালিকায় স্থান পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে মুনিয়া ‘টিচ ফর বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা খাতে তার নেতৃত্ব, উদ্ভাবনী উদ্যোগ এবং ইতিবাচক প্রভাবের স্বীকৃতিস্বরূপ এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ অর্জনে তাকে অভিনন্দন জানিয়ে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, মুনিয়ার এই সাফল্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। দেশের শিক্ষাক্ষেত্রে তার অবদান ভবিষ্যতেও ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্ট কমনওয়েলথভুক্ত দেশগুলোর তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করে এবং সম্ভাবনাময় তরুণ নেতাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়ে থাকে।


