চট্টগ্রাম নগরের খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থা সারা বছর সচল রাখা এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে সমন্বয় জোরদারে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনকে আহ্বায়ক করা হয়েছে।
উপসচিব আশফিকুন নাহারের সই করা ওই আদেশে জানানো হয়, কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও দপ্তরের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড কমান্ডার, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), জেলা প্রশাসক, সিটি করপোরেশন-১ শাখার উপসচিব, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), জলাবদ্ধতা নিরসন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ছাড়াও রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চসিক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদও এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে করা হয়েছে সদস্যসচিব।
অফিস আদেশে বলা হয়, কমিটি চট্টগ্রাম মহানগরের খাল ও পানি নিষ্কাশন নালাগুলো সচল রাখতে প্রয়োজনীয় সমন্বয় করবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজেও সমন্বয় করবে।
প্রয়োজনে দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন তদারকি, নিয়মিত সভার মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং জনস্বার্থে সরকারকে প্রয়োজনীয় সুপারিশ দেবে কমিটি।
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী কমিটির সদস্যদের ভোটের ভিত্তিতে বিভিন্ন সংস্থা বা দপ্তরের প্রতিনিধিদের কমিটিতে নতুন করে অন্তর্ভুক্ত করার সুযোগও থাকবে কমিটির।


