লেবাননে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কমেনি সহিংসতা। এই সময়ে ‘বাফার জোন’-এর বাইরে থাকা সাত শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ২ শিশু ও ২ নারী রয়েছেন। ইসরায়েল জানিয়েছে, তাদের এক সেনাও নিহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে অভিযোগ করেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এ কারণে বাসিন্দাদের ওই শহরগুলো থেকে উত্তর ও পশ্চিম দিকে সরে যেতে বলা হয়েছে।
অন্যদিকে হিজবুল্লাহ বলেছে, যতক্ষণ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখবে ততক্ষণ লেবাননের ভেতরে থাকা ইসরায়েলি সেনা ও উত্তর ইসরায়েলের শহরগুলোতে হামলা চালানো বন্ধ করবে না।
ইরান-সমর্থিত এই গোষ্ঠী এক বিবৃতিতে আরও বলেছে, তারা এমন কূটনৈতিক উদ্যোগের জন্য অপেক্ষা করবে না, যা ‘কার্যকর প্রমাণিত হয়নি’, দেশকে রক্ষা করতে ‘ব্যর্থ’ হওয়া লেবাননের কর্তৃপক্ষের ওপরও তারা নির্ভর করবে না।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ১৬ এপ্রিল শুরু হয়ে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ কিছুটা কমলেও, উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অন্যকে দায়ী করছে।
সূত্র: রয়টার্স


