গোয়ালন্দে ধরা পড়ল ৪২ কেজির দুই কাতল, ৮৬ হাজার টাকায় বিক্রি

গোয়ালন্দে ধরা পড়ল ৪২ কেজির দুই কাতল, ৮৬ হাজার টাকায় বিক্রি
গোয়ালন্দে ধরা পড়ল ৪২ কেজির দুই কাতল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটসংলগ্ন পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে বিশালাকৃতির দুটি কাতল মাছ। মাছ দুটির সম্মিলিত ওজন ৪২ কেজি ৫০০ গ্রাম।

শনিবার সকালে মাছ দুটি দৌলতদিয়া ফেরিঘাটের একতা মৎস্য আড়ত থেকে মোট ৮৬ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়।

স্থানীয় মৎস্য আড়ত ও জেলে সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকার জেলে বাবু সরদার এবং পাবনার ঢালারচর এলাকার জেলে জামাল প্রামাণিক ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে পদ্মা ও যমুনার মোহনায় মাছ ধরতে যান। গভীর রাতে জাল টেনে তোলার সময় তারা বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে দেখা যায়, জামাল প্রামাণিকের জালে ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি এবং বাবু সরদারের জালে ১৭ কেজি ওজনের আরেকটি বিশাল কাতল ধরা পড়েছে।

শনিবার সকালে মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়ার একতা মৎস্য আড়তে আনা হয়। বিশাল মাছ দুটি দেখতে আড়ত চত্বরে উৎসুক মানুষের ভিড় জমে যায়। আড়তে উন্মুক্ত নিলাম শুরু হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছ দুটি কিনে নেন। তিনি বড় কাতলটি (২৫.৫ কেজি) ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ৫৫০ টাকায় এবং ছোট কাতলটি (১৭ কেজি) ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৯০০ টাকায় কিনে নেন। অর্থাৎ ব্যবসায়ী চান্দু মোল্লা মোট ৮২ হাজার ৪৫০ টাকায় মাছ দুটি কেনেন।

আরও পড়ুন

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছগুলো কেনার পর তিনি ঢাকার পরিচিত ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন। গুলশান এলাকার একজন শিল্পপতি মাছ দুটির প্রতি আগ্রহ দেখান। পরে কেজি প্রতি ১০০ টাকা লাভে অর্থাৎ মোট ৪ হাজার ২৫০ টাকা মুনাফায় ৮৬ হাজার ৭০০ টাকায় মাছ দুটি ওই শিল্পপতির কাছে বিক্রি করেন তিনি।

জেলে বাবু সরদার বলেন, ‘বর্তমানে পদ্মা ও যমুনায় নিয়মিত বড় বড় মাছ ধরা পড়ছে। ভালো দামে মাছ বিক্রি করতে পেরে আমরা খুশি। তবে জ্বালানি তেলের সংকটের কারণে আমরা নিয়মিত ট্রলার চালাতে পারছি না। ঠিকমতো জাল ফেলতে পারলে আরও বেশি মাছ ধরা যেত।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad