আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি। গত দুই বছরে পুলিশ বাদী হয়ে একটি রাজনৈতিক বা মিথ্যা গায়েবি মামলাও করেনি।
রোববার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ সংক্রান্ত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আগে গায়েবি মামলাগুলোর বাদী হতো পুলিশ। এখন কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে মামলা করা হলে পুলিশ তা খতিয়ে দেখে তদন্ত করবে। মামলা নিতে পুলিশ অস্বীকার করতে পারবে না। আইন তাদের সেই ক্ষমতা দেয়নি। তবে বিষয়টি একটি ভারসাম্যের জায়গায় আনা হয়েছে। আগের মতো ঢালাও মিথ্যা গায়েবি মামলা এখন আর হয় না। তবে অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরবনে জলদস্যুদের দৌরাত্ম্য কমাতে কোস্টগার্ড ও প্রশাসন যৌথভাবে কাজ করছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান রোধে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকার অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং তা জুলাই সনদ অনুসারেই করা হবে। এ বিষয়ে কোনো ‘যদি বা কিন্তু’ নেই। এজন্য সংবিধান সংশোধন প্রয়োজন। সরকার সংবিধান সংশোধনের পথ ধরেই এগোচ্ছে। এ প্রক্রিয়ায় বিরোধী দলও অংশ নেবে বলে প্রত্যাশা করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন, খুলনা বিভাগের রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি ও মনিরুজ্জামানসহ অন্যরা।
এর আগে আইনমন্ত্রী সাতক্ষীরা জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিচার বিভাগকে গতিশীল করতে দ্রুত শূন্য পদে বিচারক নিয়োগ এবং মামলার জট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
পরে বিকাল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন আইনমন্ত্রী।


