‘মেধাবীদের দেশ গড়ার কারিগর হতে হবে’

‘মেধাবীদের দেশ গড়ার কারিগর হতে হবে’
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মেধাবী হয়ে শুধু বিদেশে পাড়ি দিলেই হবে না, মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

তিনি বলেন, মেধাবী হয়ে শুধু বিদেশে পাড়ি দিলেই হবে না। বিদেশে গিয়ে কেবল নিজের ভবিষ্যৎ গড়লেই চলবে না, মেধা দিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের হতে হবে দেশ গড়ার কারিগর।

রোববার ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসকের কার্যালয় ও এর আওতাধীন কার্যালয়সমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীদের সম্মান জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর মোট ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে ফরিদা খানম বলেন, ‘আজকের এই জিপিএ-৫ পাওয়া তোমাদের জীবনের শেষ গন্তব্য নয়; এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক মাত্র। তোমাদের লক্ষ্য হতে হবে আরও বড়।’

আরও পড়ুন

শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি এফ আর খান, জাওয়েদ করিম, সালমান খান, আতাউল করিম, জাহিদ হাসান ও তাহমিমা আনামের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত বাংলাদেশিদের উদাহরণ তুলে ধরেন।

তিনি বলেন, তারা প্রমাণ করেছেন বাংলাদেশি মেধার কোনো সীমা নেই। তবে শুধু অন্যদের সাফল্যের গল্প পড়লেই হবে না, তোমরাই একদিন নতুন সাফল্যের গল্প লিখবে।

ভবিষ্যতের বাংলাদেশের কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, এক সময় বিশ্ব শুধু বাংলাদেশি মেধাবীদের নামই জানবে না, বাংলাদেশি প্রতিষ্ঠান, প্রযুক্তি ও ব্র্যান্ডের নামও জানবে। শিক্ষার্থীদের এমন বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যা ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগ নিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাবে।

বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘তোমরা শুধু চাকরি খুঁজবে না, চাকরি সৃষ্টি করবে। শুধু প্রযুক্তি ব্যবহার করবে না, প্রযুক্তি তৈরি করবে। বিদেশি ব্র্যান্ড ব্যবহারের পাশাপাশি নিজেদের ব্র্যান্ডকেও বিশ্বদরবারে পরিচিত করে তুলবে।’

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, স্টাফ অফিসার টু ডিসি মো. ইসরাফিল জাহান এবং কৃতী শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর