ঈদের দীর্ঘ ছুটি পরবর্তী সময়ে এবং সামনে বর্ষা মৌসুমে অফিস-আদালত, স্কুল, কলেজসহ বিভিন্ন ভবন ও আঙিনায় এডিস মশার প্রজনন ও বংশবিস্তারের ঝুঁকি কমাতে ঢাকায় বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কায় ডিএনসিসি এলাকার ৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। শনিবার সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
তিনি বলেন, সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। সম্প্রতি প্রায় এক মাস স্কুল-কলেজ বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে। তাই শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শফিকুল ইসলাম জানান ৫৩৬টি স্কুলে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম চালানো হবে। এ উদ্যোগ বাস্তবায়নে শনিবার থেকে কাজ শুরু হয়েছে। স্কুলগুলোতে মশার প্রজননের জায়গা ধ্বংস করতে নিয়মিত ওষুধ ছিটানো হবে।
এই উদ্যোগ বাস্তবায়নে কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএনসিসির প্রশাসক।


