৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) লিখিত পরীক্ষার সময় পুনর্নির্ধারণের দাবিতে অনশন ও বিক্ষোভ সমাবেশ করেছে প্রিলিমিনারিতে উত্তীর্ণরা।
বুধবার রাত থেকে আন্দোলনকারীরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু করে। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থেকে টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করে।
আন্দোলনকারীদের একজন, ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থী সজীব পাল টাইমস অব বাংলাদেশকে জানান, ‘বিগত কয়েকটি বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি ও লিখিত মধ্যে পরীক্ষার মাঝে অন্তত ৬ থেকে ১৫ মাস দেওয়া হয়েছে। তবে আমাদের প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য দুইমাসের মতো সময় দেওয়া হয়েছে।’ ‘তাই সরকারি কর্মকমিশনকে লিখিত পরীক্ষার সময় যৌক্তিকতার ভিত্তিতে বাড়ানোর দাবি করছি আমরা।’
এ বিষয়ে সংহতি জানিয়ে বিজ্ঞপ্তি নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এক বিবৃতিতে বলেন, ‘এত অল্প সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি কোনোভাবেই সম্ভব নয়। এটা বৈষম্য ও অন্যায়।’
বিবৃতিতে ছাত্রদল পরীক্ষার সময় ‘যৌক্তিকতা ও ন্যায্যতার ভিত্তিতে পুনর্বিবেচনার’ জন্য ‘আহ্বান’ জানিয়েছে।


