চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ী ও পঞ্চগড়ের তিনটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কেএম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।
আইনজীবী সাজু বলেন, এই তিনটি মামলায় সুজনের জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট তাকে নিয়মিত জামিন দিয়েছে। তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। তবে জামিনের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করবে বলে জানা গেছে।
এর আগে, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলী থেকে সুজনকে আটক করে পুলিশ। পরদিন তাকে যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন নিহত ইমরান হোসেনের মা কহিনুর আক্তার বাদী হয়ে ওই বছর ৯ সেপ্টেম্বর এই মামলা করেছিলেন।
পরে সুজনকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়। চব্বিশ সালের ১৮ সেপ্টেম্বর নিহত হন রফিকুল। এ ঘটনায় ওই বছরের ২৮ আগস্ট মামলা করেন রফিকুলের স্ত্রী নার্জিয়া আক্তার।
এ ছাড়া একই বছরের ৫ আগস্ট পঞ্চগড়ে রিক্সা চালক আল আমিন হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয় সুজনকে। এই তিন মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে গত বছর হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। পঞ্চগড়ের হত্যা মামলায় গত বছরের ৩১ জানুয়ারি ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করে। এই রুলের শুনানির পর পৃথক তিন রায়ে তাকে জামিন দেয় হাইকোর্ট।


