আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক শান্তি চুক্তিটি চূড়ান্ত হতে যাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
স্থানীয় সময় শনিবার এক্সে তিনি এ পোস্ট দেন।
শাহবাজ শরিফ জানান, চুক্তি চূড়ান্ত হওয়ার পরপরই এটি ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষর করা হবে। এর পরের সপ্তাহে শুরু হবে কারিগরি পর্যায়ের আলোচনা।
আলোচনা চলাকালে দৃঢ় প্রতিশ্রুতি বজায় রাখার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে আঞ্চলিক সহযোগীদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী, এই ঐতিহাসিক চুক্তি স্থায়ী শান্তির একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয় পাকিস্তান। ইসলামাবাদের এক বৈঠকে উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি যুদ্ধবিরতি চুক্তিও কার্যকর হয়। তবে সেই চুক্তি ভেঙে গত ১২ জুন ইরানে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। অবশ্য হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সাথে একটি নতুন চুক্তি সম্পন্ন হওয়ায় সেখানে পরিকল্পিত পরবর্তী হামলাগুলো স্থগিত করা হয়েছে।


