দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৮৫৭ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ১৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশালে ৬৭ জন, চট্টগ্রামে ৫৪ জন, খুলনায় ৪৩ জন, ময়মনসিংহে ২১ জন, রংপুরে ছয়জন এবং রাজশাহীতে চারজন রোগী ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে কোনো নতুন রোগী ভর্তি হননি।
এর বাইরে গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনায় একজন এবং বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন করে সারা দেশে মোট তিন জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত মোট ১০ হাজার ৮৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে নয় হাজার ৭৮৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে এ বছর সবচেয়ে বেশি দুই হাজার ৫৯৫ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। এরপর ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক হাজার ৮৭৮ জন, চট্টগ্রামে এক হাজার ৮৭৬ জন এবং খুলনায় এক হাজার ৪২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৪১৭ জন, রাজশাহীতে ৩৫১ জন, রংপুরে ১২২ জন এবং সিলেটে ৮৩ জন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৩৭২ জন রোগীর মধ্যে ২২২ জন পুরুষ এবং ১৫০ জন নারী। বয়সের হিসাবে ২১ থেকে ২৫ বছর বয়সী রোগী সবচেয়ে বেশি, যার সংখ্যা ৫৮ জন। এ ছাড়া ১৬ থেকে ২০ বছর বয়সী ৫১ জন এবং ২৬ থেকে ৩০ বছর বয়সী ৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তদের ৬০ দশমিক নয় শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক এক শতাংশ নারী। অন্যদিকে ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫৯ দশমিক পাঁচ শতাংশ নারী এবং ৪০ দশমিক পাঁচ শতাংশ পুরুষ।


