এয়োদশ জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রেক্ষাপটে ১৯ বছর পর জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি।
বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন।
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করে ১৯৭২ সালে যে যাত্রা শুরু করেছিলেন, সেই পথ ধরে দেশের ৫৬তম বাজেট নিয়ে আসছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এবারের বাজেটের আকার হবে নয় লাখ ৩৮ হাজার কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।
এর আগে বিএনপি সরকারের পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া সরকার ২০০৬-০৭ সালের বাজেট পেশ করে। সেবার অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সংসদে বাজেট উপস্থাপন করেছিলেন।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে দেশের ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় এবার নির্বাচিত সরকার সংসদে বাজেট পেশ করতে যাচ্ছে। গত বছর সংসদের বাইরে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে বাজেট উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের অন্তর্বতী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
অবশ্য ২০২৪-২৫ অর্থবছর ছাড়াও সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল ২০০৮ সালে। তখন ক্ষমতায় ছিল সেনা নিয়ন্ত্রিত ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার। ওই বছরের ৯ জুন তখনকার অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন।
দেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারে ১৬ জন অর্থমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি (অর্থ উপদেষ্টা অথবা সামরিক আইন প্রশাসকসহ) ৫৫ টি বাজেট উপস্থাপন করেছেন।
তিন মেয়াদে সর্বোচ্চ ১২টি করে বাজেট দেওয়ার রেকর্ড রয়েছে দুই প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আবুল মাল আবদুল মুহিতের।
১৯৭৬-৭৭ জিয়াউর রহমান ক্ষমতায় আসীন হওয়ার পর প্রথম তিন বছর জিয়াউর রহমান নিজেই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়ে এবং ১৯৭৯-৮০ এমএন হুদা একবার বাজেট উপস্থাপন করেন। ১৯৮০-৮১ সাল থেকে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সরকারের অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান ১২ বার এবং বিএনপির পক্ষ থেকে সব মিলে মোট
১৬ বার বাজেট উপস্থাপন করা হয়।
পতিত আওয়ামী লীগের পাঁচ মেয়াদে তাজউদ্দিন আহমেদ তিন বার, আজিজুর রহমান একবার, আবুল মাল আবদুল মুহিত টানা ১২ বার, আ হ ম মুস্তফা কামাল পাঁচবার এবং আবুল হাসান মাহমুদ আলী একবার মোট জাতীয় বাজেট উপস্থাপন করেন।


