১৮০ দিনে ২২ দফা, শ্রম ইশতেহার বাস্তবায়নে কর্মশালা

১৮০ দিনে ২২ দফা, শ্রম ইশতেহার বাস্তবায়নে কর্মশালা
Advertisement
Advertisement

নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নে ১৮০ দিনের মধ্যে সম্পন্নযোগ্য ২২ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন করে কর্মশালা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সোমবার ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালার তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শ্রম ও কর্মসংস্থান সচিব ড. মো. সানোয়ার জাহান ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইশতেহার বাস্তবায়নের নির্ধারিত সময়সীমা অনুযায়ী প্রতি সপ্তাহে অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করতে হবে, বলেন মন্ত্রী। ইশতেহার বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত ফলোআপের নির্দেশ দেন তিনি।

কর্মশালায় জানানো হয়, শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণের অংশ হিসেবে বাংলাদেশ শ্রম অধ্যাদেশ ২০২৫-কে আইনে রূপান্তরের সময়সীমা ৩১ মার্চ ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ শ্রম আইনের আলোকে শ্রম বিধিমালা প্রণয়ন এবং শিশুশ্রম ও জবরদস্তিমূলক শ্রম বন্ধে নতুন আইন আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে সম্পন্ন করা হবে।

জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর লক্ষ্যে কর্মসংস্থান অধিদপ্তর গঠন ৩০ আগস্ট ২০২৬-এর মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

জাতীয় কর্মসংস্থান নীতিমালা ২০২২-এর আলোকে জাতীয় কর্মসংস্থান কৌশলপত্র প্রণয়ন এবং সংশ্লিষ্ট কমিটি গঠন ৩০ জুন ২০২৬-এর মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহযোগিতায় হালনাগাদ কর্মসংস্থান জরিপ ৩০ জুলাইয়ের মধ্যে শেষ করা হবে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে নিয়োগও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

হোটেল ও রেস্টুরেন্ট খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ জুনের মধ্যে বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

নিম্নতম মজুরি বোর্ড ট্যানারি, হোটেল ও আয়রন ফাউন্ড্রি খাতে ন্যূনতম মজুরি ঘোষণা ও বাস্তবায়ন ৩০ জুন ২০২৬-এর মধ্যে সম্পন্ন করবে বলে কর্মশালায় জানানো হয়। ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণে ডিজিটাল সিস্টেম চালু ১৫ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করা হবে।

পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থা ৩০ জুনের মধ্যে চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আরএমজি খাতের শতভাগ কারখানায় যৌন হয়রানি প্রতিরোধে অ্যান্টি হারাসমেন্ট কমিটি ৩০ জুনের মধ্যে গঠন করা হবে।

কেন্দ্রীয় তহবিল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে ন্যূনতম ৩০০ কোম্পানিকে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের আওতায় আনার সময়সীমাও ৩০ জুন নির্ধারণ করা হয়েছে।

কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর