দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষা না রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, এ বছরের শিক্ষাপ্রতিষ্ঠানের বাৎসরিক ছুটির তালিকায় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন ছুটি অনুমোদন করা হয়েছে।
মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, উৎসবমুখর পরিবেশ ও যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠান উদ্যাপনের জন্য এই ১২ দিনের মধ্যে কোনো পরীক্ষার দিন ধার্য করা যাবে না।
২০২৫ সালের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুসারে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলে ছুটি শুরু হবে। এরই ধারাবাহিকতায় ৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া আট দিন বন্ধ থাকবে স্কুলগুলো।
পরবর্তীতে ৮ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। অন্যদিকে ২৮ সেপ্টেম্বর থেকে কলেজের ছুটি শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া মোট ১০ দিন প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
এ ছাড়া ১০ ও ১১ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় কলেজগুলোয় আগামী ১২ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।


