বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন ১০ জন কবি ও লেখক।
শুদ্ধ সাহিত্য চর্চার সংগঠন ‘সোনার বাংলা সাহিত্য পরিষদ’ (এসবিএসপি) এই পুরস্কারের আয়োজন করেছে। সম্প্রতি এসবিএসপির সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর পুরস্কারপ্রাপ্ত লেখকদের নাম ঘোষণা করেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আয়োজকরা জানান, সাহিত্যচর্চায় বিশেষ অবদান রাখায় কবিতায় মতিন বৈরাগী, দুখু বাঙাল, মজিদ মাহমুদ এবং হাফিজ রহমান এই পুরস্কার পাচ্ছেন।
কথাসাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সমীর আহমেদ, রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন ও নুসরাত সুলতানা।
এ ছাড়া শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য হাসনাত আমজাদকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) জানায়, গত ৯ বছর ধরে সংগঠনটি বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে।
প্রতি বছরের ন্যায় এবারও শিগগির এক অনুষ্ঠানের মাধ্যমে কবি-লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ফখরুল হাসান সাহিত্যচর্চার এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।


