সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন রাখার দায়ে আল-আমিন ওরফে গফুর নামে এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় দেন।
আল-আমিন ওরফে গফুর রাজশাহী জেলার গোদাগাড়ি থানার আমতলা বড়পুকুরপাড় গ্রামের আব্দুল মালেকের ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন না। তিনি পলাতক।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ২৪ নভেম্বর সলঙ্গা থানার সাতটিকরি এলাকায় বিভিন্ন যানবাহনে মাদকবিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সেদিন দুপুরে নাটোর থেকে সিরাজগঞ্জগামী সনি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ আল-আমিন ওরফে গফুরকে আটক করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে রোববার আল-আমিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত।


