আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাকে ঘিরে প্রায় ১২ হাজার কোটি টাকা লেনদেনের দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
প্রসিকিউটর তানভীর জোহার নেতৃত্বে একটি টিম বুধবার দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বরের সেনপাড়া থেকে এমএইচ পাটোয়ারীর স্ত্রী ইসমত জেরিনকে আটক করে। সংশ্লিষ্ট সূত্র টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, আটকের সময় ইসমত জেরিনের কাছ থেকে একটি মোবাইল ডিভাইস জব্দ করা হয়। প্রাথমিক ডিজিটাল পরিদর্শনে দেখা যায়, ডিভাইসটিতে এমএইচ পাটোয়ারী বাবু নামীয় একটি পাবলিক ফিগার ফেসবুক প্রোফাইলে সক্রিয় প্রবেশাধিকার ছিল। উক্ত অ্যাকাউন্টটি ইসমত জেরিন ও তার স্বামী পাটোয়ারী বাবুর দ্বারা যৌথভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে আসছে।
প্রসিকিউশন সূত্র মতে, ওই অ্যাকাউন্টটি ব্যবহার করে এমন কিছু বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে, যা প্রাথমিকভাবে ট্রাইব্যুনালের প্রতি অবমাননাকর মন্তব্য হিসেবে বিবেচিত হয় এবং বিচারিক কর্তৃত্বকে খর্ব করে।
এ ক্ষেত্রে উদ্ধারকৃত ডিভাইসের আলোকচিত্রভিত্তিক নথিপত্র, সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডিভাইসের দখলগত সংযোগ, সক্রিয় ব্যবহারের নির্দেশক যোগাযোগের চিহ্নসমূহকে প্রমাণ হিসেবে দাবি করে প্রসিকিউশন সূত্র।
পাটোয়ারী বাবু নামে একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আদালত অবমাননার অভিযোগের বিষয়টি আমলে নিয়ে গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। একই সঙ্গে ওই পোস্টে লাইক-কমেন্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনার মামলাকে ঘিরে প্রায় ১২ হাজার কোটি টাকা লেনদেনের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় পাটোয়ারী বাবু নামে একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।


