আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার বিচার চলার সময় চিফ প্রসিকিউটরের কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ট্রাইব্যুনাল শেষে এক ব্রিফিংয়ে সাইবার হামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছিল। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও একই মামলায় অভিযুক্ত।’
চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে সাইবার হামলা চালানো হয়। এতে পেজটি ‘সাময়িকভাবে নিষ্ক্রিয়’ হয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরে প্রযুক্তি কর্মকর্তাদের সহায়তায় পেজটি পুনরুদ্ধার করা হয়।
তাজুল ইসলাম বলেন, ‘যারা এই অপরাধ করেছে, তারা চায় না দুনিয়ার সামনে সত্য প্রকাশ হোক। এই হামলার মাধ্যমে তারা সেই প্রচেষ্টাই করেছে। তবে অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের কেউ রক্ষা করতে পারবে না। বাংলাদেশে তাদের বিচার হবেই।’
জুলাই গণহত্যার এই মামলায় মোট ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সবশেষ সাক্ষী ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। গত বুধবার ট্রাইব্যুনালে তার সাক্ষ্য শেষ হয়। রোববার প্রসিকিউশন পক্ষ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করছে, এরপর আসামিপক্ষ তাদের বক্তব্য দেবে।
মামলার আসামিদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এরইমধ্যে ‘রাজসাক্ষী’ হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।


