ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বৈদ্যুতিক শক দেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য রেহেনা আক্তার রানু। মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বহুল আলোচিত গোপন বন্দিশালা ‘আয়নাঘরে’ বিরোধী দলের নেতাদের বসিয়ে ইলেকট্রিক শক দেওয়া হতো বলে অভিযোগ রানু বলেন, ‘শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সেই একই চেয়ারে বসিয়ে বা শুইয়ে বৈদ্যুতিক শক দেওয়া উচিত এবং সেটি কেমন লাগে তা তার অনুভব করা দরকার।’
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদও দেন বিএনপি নেত্রী। বলেন, ‘অভ্যন্তরীণ অনৈক্যের কারণে যদি শেখ হাসিনা আবার ফিরে আসেন, তবে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবন কালো হয়ে যাবে।’
২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের কথা স্মরণ করে আক্ষেপও করেন রানু। বলেন, ‘নিহতদের পরিবারগুলো এখনও সন্তান হত্যার সঠিক বিচার পাচ্ছে না। কারণ, পুলিশ আসামিদের ধরছে না এবং ধরলেও আদালত জামিন দিয়ে দিচ্ছে।’
বর্তমান সরকারের চার মাস পার হলেও এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে বিগত সরকারের প্রভাবশালীরা বসে আছে বলেও মন্তব্য করেন বিএনপি নেত্রী। সেই কর্মকর্তারা বাজেট বাস্তবায়নে বাধা হবেন বলেও আশঙ্কা তার। ‘সরকারকে সহযোগিতা করার ক্ষেত্রে একটি দুষ্টচক্র হিসেবে কাজ করছে,’ বলেন তিনি।
জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদেরও তীব্র সমালোচনা করেন বিএনপি নেত্রী। তিনি বলেন, ‘কর্মকর্তারা সরকারের রাজস্ব আদায়ের চেয়ে নিজেদের পকেট ভারী করতেই বেশি ব্যস্ত থাকেন। তাই রাজস্ব খাতে গতি আনতে সেখানে অবিলম্বে একটি ‘সার্জিক্যাল অপারেশন’ চালানো প্রয়োজন।’
আওয়ামী লীগ শাসনামলে শেষ তিনটি মেয়াদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে ‘মিউ মিউ মার্কা’ বিরোধী দল বলেও আখ্যা দেন রানু। জামায়াতে ইসলামীকে ‘সত্যিকারের ঝকঝকে ও কার্যকর’ বিরোধী দল বলেও উল্লেখ করেন তিনি।
ব্যাংকিং খাতের চরম বিশৃঙ্খলা, লুটপাট ও টাকা পাচারের প্রসঙ্গ তুলে ধরে তিনি ব্যাংক লুটেরাদের সম্পত্তি নিলামে বিক্রি করে সাধারণ গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জোর দাবি জানান বিএনপির সংসদ সদস্য।
ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহার, সঞ্চয়পত্রের ১০ শতাংশ কর কাটার প্রস্তাব বাতিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার কঠোরভাবে মনিটরিং করার তাগিদও দেন রানু।
ফেনী অঞ্চলের উন্নয়নে একটি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, লালপোল ফ্লাইওভার নির্মাণ, বাসাবাড়িতে গ্যাস সংযোগ পুনঃস্থাপন এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর দাবিও উঠে আসে তার বক্তব্য।


