দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৪ মিনিটে তিনি রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। তার আগেই হাসপাতালে পৌঁছান তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
দীর্ঘদিন পর মা বেগম খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের এই সাক্ষাৎকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জনসমুদ্র পেরিয়ে হাসপাতালে
বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সপরিবারে ঢাকা পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি তিনশ’ ফিট কুড়িল-পূর্বাচল এক্সপ্রেসওয়েতে আয়োজিত বিশাল গণসংবর্ধনাস্থলে যোগ দেন। সেখানে সংক্ষিপ্ত বক্তৃতা শেষে বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে তাঁকে বহনকারী লাল-সবুজ রঙের বাসটি এভারকেয়ার হাসপাতালের গেটে এসে থামে।
নেতাকর্মীদের বাঁধভাঙা ভিড় ও রাস্তার দুপাশে অপেক্ষমাণ হাজার হাজার মানুষের ভালোবাসার কারণে তাঁর গাড়িটি হাসপাতালে পৌঁছাতে কিছুটা দেরি হয়। এ সময় তারেক রহমান হাত নেড়ে উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
জুবাইদা ও জাইমা রহমানের উপস্থিতি
এর আগে বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসায় যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। দুপুর ১২টা ৫৭ মিনিটে তাঁরা গুলশানের বাড়িতে প্রবেশ করেন। এ সময় উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান জাইমা রহমান।
পরে বিকাল ৪টা ৩৮ মিনিটের দিকে গুলশানের বাসা থেকে একটি সাদা মাইক্রোবাসে করে তাঁরা হাসপাতালের উদ্দেশে রওনা হন। বিকাল ৫টা ১০ মিনিটে তাঁরা এভারকেয়ার হাসপাতালে পৌঁছান এবং ভেতরে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কেবিনে যান।
বিএনপির প্রধান ও তাঁর পরিবারের সদস্যদের একনজর দেখতে হাসপাতালের বাইরে বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়েছেন। হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


