দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হামের লক্ষণ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২৮২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া ল্যাবরেটরিতে ১৮০ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১ হাজার ৯৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩৪ জনে। এই সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ২০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন হামে আরও ১১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে মোট সুস্থ হয়েছে ৬ হাজার ১৬ জন রোগী।
আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৫২ জন এবং ৬১১ জনের ক্ষেত্রে হামে আক্রান্ত নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তারা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ চালাচ্ছে। পাশাপাশি রোগীদের চিকিৎসা নিশ্চিত এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


