ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার আরেক সন্দেহভাজনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন ফিলিপ সাংমাকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে আটক করা হয়। শনিবার তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভারতের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাকে আটক করে এবং মামলার তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলে জানা গেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন সাংমার সঙ্গে কনস্যুলার যোগাযোগের অনুমতি চেয়ে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, সাংমা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে মনে করা হচ্ছে না। তবে হত্যার পর মূল অভিযুক্তকে ভারত সীমান্ত পার হতে সহায়তা করার সন্দেহ রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে একই মামলার প্রধান সন্দেহভাজন ও তার কথিত সহযোগীর সঙ্গেও কনস্যুলার যোগাযোগের অনুমতি চেয়ে কলকাতার বাংলাদেশ মিশন আবেদন করেছিল।
গত সপ্তাহে ভারতের স্পেশাল টাস্ক ফোর্স পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। বনগাঁ এলাকা বেনাপোল স্থলবন্দর সীমান্তের কাছাকাছি অবস্থিত।
তদন্তকারীদের ধারণা, হাদী হত্যার পর ওই দুই সন্দেহভাজন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। মামলাটি ঘিরে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে।


