হাদি গুলিবিদ্ধ: দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ

হাদি গুলিবিদ্ধ: দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ
ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিভিন্ন জেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র সংগঠনসহ সাধারণ মানুষ।

দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মসূচি পালিত হচ্ছে ঢাকাসহ রংপুর, রাজশাহী, ঝালকাঠি ও ময়মনসিংহে। এ সময় হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বের হওয়ার পর রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র। তার পুরো নাম শরিফ ওসমান হাদি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ওসমান হাদি নামে পরিচিত।

ঝালকাঠিতে মহাসড়কে অবরোধ

গুলিবিদ্ধের ঘটনার পর ওসমান হাদির নিজ জেলা ঝালকাঠিতে সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি দেখা যায়। সেখানে বিকাল চারটার পর কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।

এতে বরিশাল ও খুলনাগামী দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকে পড়ে সড়কে ঘণ্টাব্যাপী তীব্র যানজট সৃষ্টি হয়।

অবরোধকারীরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ওসমান হাদির বোন মাহফুজা অভিযোগ করে বলেন, ‘আমার ভাইয়ের ওপর যারা গুলি চালিয়েছে, তাদের বিচার চাই।’

এনসিপির জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না হুঁশিয়ার করেন, ‘হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে শনিবার আবারও সড়ক অবরোধ করা হবে।‘

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়, এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ঢাকায় হাদির ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকাল সাড়ে চারটায় রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের হয়। জুলাই বিপ্লবের ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে মিছিলটি মিডিয়া চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়।

বক্তারা বলেন, ‘জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করতেই হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।’ এ সময় তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে রাজপথ উত্তাল করার হুঁশিয়ারি দেন।

সমাবেশে হাদির সুস্থতা কামনায় দোয়া করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আহমেদুল আলবির জাহিদ হোসেন জয়, শামসুর রহমান সুমন, আশিকুর রহমান, রহমত আলীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

রংপুরে হাদির সুস্থতা কামনায় দোয়া করা হয়। ছবি: টাইমস

রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকা-৮ আসনে নির্বাচনে ইচ্ছুক হাদির ওপর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ পুরো শহরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বিকাল সাড়ে চারটায় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে তালাইমারী মোড়ে প্রতিবাদ সমাবেশে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন

সমাবেশে বক্তারা বলেন, ‘হাদির ওপর হামলাকারীরা দাঁতভাঙা জবাব পাবে।’ তারা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষোভ শেষে দোয়া-মোনাজাতে অংশ নেন রাকসুর ভিপি ও রাবি ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, মুজাহিদ ফায়সালসহ অন্যান্য নেতারা।

ময়মনসিংহে বিক্ষোভ মিছিল। ছবি: টাইমস

ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

শুক্রবার বিকালে ময়মনসিংহের টাউন হল মোড়ে ইনকিলাব মঞ্চ, এনসিপি ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি নগরীর প্রধান সড়ক ঘুরে আবার টাউন হলে এসে শেষ হয়।

বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো এবং ওসমান হাদির উন্নত চিকিৎসারও দাবি জানান।

হামলার ঘটনার পর ইনকিলাব মঞ্চ, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন একযোগে
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না হলে সারা দেশে ক্ষোভ ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

জড়িতরা গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের ডাক মাদারীপুরে

ওসমান হাদীর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মাদারীপুর শহরের মুক্ত মঞ্চ থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর থানা সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, একজন প্রার্থীকে লক্ষ্য করে হামলা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা জামায়াত সেক্রেটারি এনায়েত হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মিজানুর রহমান।

রাজবাড়ীতে মশাল মিছিল। ছবি: টাইমস

রাজবাড়ীতে মশাল মিছিল

দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে এনসিপি, গণঅধিকার পরিষদ, জুলাইযোদ্ধাদের সমন্বয়ে মশাল মিছিল বের হয়। মিছিলটি পান্না চত্বর ঘুরে এসে রেল গেইট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইব্রাহিম খলিল, আব্দুল্লাহ, রাশেদুল ইসলাম রাশেদ, মীর মাহমুদ সুজন সহ অনান্যরা।

পথ সমাবেশে বক্তারা বলেন, দুষ্কৃতিকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার তদন্ত করে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

নড়াইলে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার সন্ধ্যায় নড়াইল পৌরসভার পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা অবিলম্বে গুলি করা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি করেন।

লক্ষ্মীপুরে ছাত্র জনতার বিক্ষোভ

লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ছাত্র-জনতা। শুক্রবার রাত ৮ টায় লক্ষ্মীপুর জেলা শহরের চকবাজার মসজিদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, জুলাইয়ের অন্যতম শক্তি শরিফ ওসমান হাদির ওপর হামলা সন্ত্রাসীদের সুপরিকল্পিত ঘটনা। এটি শুধু হাদিকে গুলি করা নয়, বরং বাংলাদেশকে গুলি করা হয়েছে। তাকে শেষ করে দিতেই তারা টার্গেট করে গুলি করেছে। হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন বিক্ষোভকারীরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

এতে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক আরমান হোসাইন, সদস্য সচিব রাফি, ছাত্র শিবিরের শহর সভাপতি ফরিদ উদ্দিন, ছাত্র আন্দোলনের জেলা সেক্রেটারি আব্দুল হামিদ খান ভাসানীসহ আরো অনেকে।

চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ। ছবি: টাইমস

চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ

চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশে দেশের সকল নাগরিক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

শুক্রবার রাতে ছাত্র জনতার আয়োজনে জুলাই স্মৃতি স্তম্ভের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, অপশক্তিকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। প্রয়োজনে আবার প্রতিরোধ গড়ে তোলা হবে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা আহ্বায়ক আলমগীর হোসেন, এনসিপি চুয়াডাঙ্গা জেলা শাখার প্রধান সমন্বয়কারী খাজা আমিরুল বাসার বিপ্লব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি তুষার ইমরানসহ অন্যরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad