হবিগঞ্জ সদর উপজেলায় মাদক বিক্রিকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
রোববার রাতে উপজেলার স্থানীয় নতুন বাজারে বনদক্ষিণ ও চরহামুয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে মাদক বিক্রি করায় বনদক্ষিণ গ্রামের এক যুবকের সঙ্গে চরহামুয়া গ্রামের এক যুবকের বাগবিতণ্ডা হয়। এর জেরে বনদক্ষিণ ও চরহামুয়া গ্রামবাসী স্থানীয় নতুন বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে বিরোধ ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী গ্রামগুলোতেও। পরে বনদক্ষিণ ও সুলতানশী গ্রামের লোকজনের সঙ্গে চরহামুয়া ও বনগাঁও গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। এ সময় কমপক্ষে ১০টি দোকানপাটে হামলা ভাংচুর ও লুটপাট করা হয়।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড টিয়ারশেল ও চার রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সংঘর্ষে জড়িত থাকায় ছয় জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।


