স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ বিশেষ প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ইন্ডিপেন্ডেস ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ ২০২৬’ নামক এই আয়োজনে লাল ও সবুজ দলে ভাগ হয়ে অংশ নেবেন দেশের সাবেক ক্রিকেটাররা। ২৬ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
বুধবার আনুষ্ঠানিক ঘোষণায় লাল ও সবুজ দল ঘোষণা করেছে বিসিবি। লাল দলের আছেন জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, দুই সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল-খালেদ মাসুদ পাইলট, নাসির উদ্দীন ফারুক, মোহাম্মদ রফিক, এহসানুল হক সেজান, আনোয়ার হোসেন, তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ শিপন।
সবুজ দলে আছেন শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবাইর, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝড়ু।
সবুজ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক ও বিসিবির বর্তমান সহ-সভাপতি ফারুক আহমেদ। কোচ হিসেবে আছেন ওয়াহিদুল গণি। লাল দলের কোচের দায়িত্ব পালন করবেন সারোয়ার ইমরান ও ম্যানেজার রকিবুল হাসান।


