জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।
তিনি আরও বলেন, ‘দেশের এক ইঞ্চি জমি তো দূরের কথা, একটি বালুকণার ওপরও কাউকে পা রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পাশাপাশি দেশের মানুষও দেশপ্রেম ও ঈমানি শক্তি নিয়ে দাঁড়াবে।’
শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সীমান্ত পরিস্থিতি, নেত্রকোনার উন্নয়ন সমস্যা ও সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণসংক্রান্ত বিলের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, সরকার সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিল এনেছে। তবে তাদের দাবি শুধু নিয়ন্ত্রণ নয়, সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা।
তিনি উল্লেখ করেন , সংসদে একজন সদস্য দাবি করেছেন, দেশের সবচেয়ে বড় মাদকের চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে আসে। এ প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব নিজ এলাকা থেকেই কার্যকরভাবে শুরু হওয়া উচিত এবং কারা এ কাজে জড়িত, তা খুঁজে বের করতে হবে।
সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে শফিকুর রহমান বলেন, সরকারি দল জনকল্যাণমূলক কোনো কাজ করলে বিরোধী দল তার সমর্থন করবে। আবার সরকার ভুল করলে বিরোধী দল তা তুলে ধরবে। তার মতে, বিরোধী দল অন্ধভাবে বিরোধিতা করবে না। তবে বিরোধী দলের যৌক্তিক বক্তব্য সরকার উপেক্ষা করলে তারা ‘বাঘের মতো গর্জন করবে’।
তিনি আরও বলেন, ‘দেশে বছরের প্রথম নয় মাস উন্নয়নের গতি থাকে ‘গুইসাপের মতো’, আর শেষ তিন মাসে তা ‘রকেটের গতিতে’ এগোয়।’
সভায় জামায়াতে ইসলামীর নেতারা উপস্থিত ছিলেন। পরে শফিকুর রহমান নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত রোকন সম্মেলনে অংশ নেন এবং সেখানে দলীয় ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।


