দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিটঘর বাজারে এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দিয়েছেন।
সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থীদের মধ্যে অন্যতম আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। তবে এই আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। বিএনপি তাদের আওয়ামী লীগবিরোধী আন্দোলনের মিত্র জমিয়তে উলামায়ে ইসলামকে আসনটি ছেড়ে দিতে পারে শোনা যাচ্ছে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার এই দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হয়। এতে রুমিন ফারহানা বলেন, দেশের অধিকাংশ আসনে যখন মনোনয়ন নিয়ে আনন্দ-উৎসব চলছে, তখন সরাইল-আশুগঞ্জের মানুষ জানেন না তাদের এমপি প্রার্থী কে। এটা এই এলাকার মানুষের জন্য দুঃখজনক। নিজের দলীয় ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গত ১৭ বছর আমার কী ভূমিকা ছিল, সেটা আমি বলব না, মানুষজন জানেন। আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই আমি রাজনীতিতে এসেছি। আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করতে পারি।’
রুমিন ফারহানা বলেন, এলাকার জনগণ তার পাশে থাকলে তিনি যে মার্কাতেই হোক সরাইল-আশুগঞ্জ থেকে নির্বাচন করবেন। নির্বাচিত হতে পারলে সরাইল ও আশুগঞ্জকে মডেল উপজেলা করার প্রতিশ্রুতিও দেন তিনি।
প্রসঙ্গত, রুমিন ফারহানার বাবা ভাষা সৈনিক অলি আহাদ ছিলেন স্বাধীনতার আগে ষাট দশকে আওয়ামী লীগের সভাপতি। পরে আওয়ামী লীগ থেকে বের হয়ে ডেমোক্রেটিক লীগ নামে আলাদা দল গঠন করেছিলেন।


