ফেনীতে রাস্তায় পড়ে থাকা এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটিকে ফেনী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে রেখে চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। শিশুটির দেখভালে এগিয়ে এসেছেন হাসপাতালের সেবিকা ও স্বেচ্ছাসেবীরা।
জানা গেছে, শনিবার এক নারী পথচারী রাস্তায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশের সহযোগিতায় তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার পর শিশু ওয়ার্ডে ভর্তি করেন।
ফেনী জেনারেল হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ উপ-পরিদর্শক নয়ন চন্দ্র দাস জানান, পুলিশের সহযোগিতায় ওই নারী পথচারী নবজাতকটিকে হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রোকনুদ্দৌলা জানান, নবজাতকটি বর্তমানে সুস্থ রয়েছে। তাকে সেবিকাদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। সেবিকারাই শিশুটির প্রয়োজনীয় দেখভাল করছেন।
এদিকে নবজাতকটির পাশে দাঁড়িয়েছে ফেনী জেনারেল হাসপাতালের কুইক রেসপন্স টিমও। স্বেচ্ছাসেবী সংগঠক ও কুইক রেসপন্স টিমের সংগঠক জয় আবির জানান, শিশুটির দেখাশোনা এবং প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ সংগ্রহে টিমের সদস্যরা কাজ করছেন।
জয় আবির বলেন, নবজাতকটিকে ঘিরে হাসপাতালের সেবিকা ও স্বেচ্ছাসেবীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নিজেদের উদ্যোগেই তারা শিশুটির প্রয়োজনীয় যত্ন ও সহযোগিতা করছেন।
রাস্তায় একা পড়ে থাকা নবজাতকটি এখন হাসপাতালের সেবিকা ও স্বেচ্ছাসেবীদের মমতায় নিরাপদ আশ্রয় পেয়েছে। তার চিকিৎসা ও পরিচর্যা অব্যাহত রয়েছে।


