দেশের সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে আয়োজন করা হলে তা সম্পন্ন করতে প্রায় এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত এক দিনে অনুষ্ঠিত হয় না; বরং ধাপে ধাপে আয়োজন করা হয়। পূর্ববর্তী অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতা বিবেচনায় দেখা গেছে, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনসহ সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময়ের প্রয়োজন হয়।
তিনি আরও জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তফসিল ঘোষণার জন্যই ন্যূনতম ৪৫ দিন সময় লাগে। এর আগে প্রয়োজন হয় প্রাক-প্রস্তুতি, যা সম্পন্ন করতেও নির্দিষ্ট সময় লাগে।
নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ প্রসঙ্গে মন্ত্রী বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমন্বয় করতে হয়। এর মধ্যে রয়েছে হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত, প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ, ধর্মীয় উৎসব ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা, শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয়, আবহাওয়া পরিস্থিতি, ভোটকেন্দ্র নির্ধারণ ও সংস্কার এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ।
সংসদকে আশ্বস্ত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে স্থানীয় সরকার পরিচালনার দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশন সমন্বিতভাবে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


