কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফনদীর মোহনায় একটি চরে আটকা পড়েছে। ট্রলারে ৪৫ জন যাত্রী রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, বৃহস্পতিবার দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের কাছাকাছি মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া এলাকায় ট্রলারটি আটকা পড়ে।
মো. ইনামুল বলেন, সেন্টমার্টিনের কাছাকছি টহলে থাকা কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে এরইমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে।
টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, চরে আটকে পড়ায় ট্রলারের ইঞ্জিনও বিকল হয়ে পড়ে। তবে এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের ইজারাদার মো. হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে নাফ নদীর মোহনায় চর জেগে ওঠায় এই রুটে নৌযান চলাচল বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে নৌযান চরে আটকে যাওয়া কিংবা উল্টে যাওয়ার মতো দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।


