ঝালকাঠির রাজাপুরে পারিবারিক বিরোধের জেরে এক যুবককে তার স্ত্রীর পরিবারের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মিলন হাওলাদার (২৬)। তিনি আদাখোলা এলাকার মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, স্ত্রীর সঙ্গে মিলন হাওলাদারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরে শনিবার দুপুরে স্ত্রীর পরিবারের কয়েকজন সদস্য সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মায়ের দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ হোসেন জানান, বেলা ২টা ৫০ মিনিটে পুলিশ মিলনকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম বলেন, নিহতের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ ছিল। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


