মারমা জনগোষ্ঠীর স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।
শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া পাহাড়ি ছাত্র-জনতার ডাকা এ অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অবরোধের কারণে এ দিন সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক ও আন্তঃসড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
অবরোধকারীরা খাগড়াছড়ির বিভিন্ন সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। তবে শহর এলাকায় কিছু ব্যাটারিচালিত অটোরিক্সা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সাজেকে ঘুরতে আসা পর্যটকরা। অনেক পর্যটক প্রায় তিন-চার কিলোমিটার হেঁটে শহরে প্রবেশ করেন। পাশের জেলা রাঙামাটির সাজেকে অনেক পর্যটক শুক্র ও শনিবারের অবরোধে আটকা পড়েছেন। তবে শনিবার সাপ্তাহিক ছুটির কারণে স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ থাকায় বিপত্তি কিছুটা কম হয়েছে ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধের কারণে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক আছে। যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সর্তক রয়েছে। খাগড়াছড়ির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুলছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতকারী তাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে দলবদ্ধ ধর্ষণ করে। দীর্ঘ সময় পরও মেয়েটি বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর তাকে অচেতন অবস্থায় ফসলের মাঠ থেকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
এ ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা।
ধর্ষণের ঘটনায় পার্বত্য জেলা-উপজেলা পর্যায়ে প্রায় প্রতিদিনই প্রতিবাদ-বিক্ষোভ করছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ বিভিন্ন পাহাড়ি সংগঠন। ঢাকায় পাহাড়ি শিক্ষার্থীরা একাধিক প্রতিবাদ সমাবেশ করেছেন। বৃহস্পতিবার খাগড়াছড়িতে আধাবেলার সড়ক অবরোধও হয়েছে।
খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের প্রসঙ্গে শুক্রবার চাকমা রাজা দেবাশীষ রাঙামাটির এক অনুষ্ঠানে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের এমন ঘটনা অনেক দশক ধরে হচ্ছে।’ ‘বিচারহীনতার’ কারণে পার্বত্য চট্টগ্রামে অনেক বছর ধরে পাহাড়ি নারী ও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে বলেও তার অভিযোগ।


