জুলাই আন্দোলনের সময় ঢাকার শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আমিরুল ইসলাম মিলনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক গত ১৫ আগস্ট মিলনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সোমবার শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়।
মিলন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত জানিয়ে চিকিৎসার আবেদন করেন তার আইনজীবী ইকবাল মাহমুদ শোভন। আদালত কারাবিধি অনুযায়ী তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী লিটন মিয়া।
এর আগে ২০২৫ সালের ৬ মে রাজধানীর ইন্দিরা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র জনতার আন্দোলনে অংশ নেন জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারভুক্ত এবং ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।


