রাজধানীর পূর্ব বাড্ডার নামাপাড়া ‘আই সিডল প্রজেক্ট’ এলাকায় মুস্তাফিজুর রহমান রাসেল নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল পেশায় রিকশাচালক।
শনিবার সকালে বাঁশের সাঁকোর পাশে বৈদ্যুতিক পিলারের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানার এসআই মোহাম্মদ হাসানুর রহমান জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মুস্তাফিজুরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে রাতে বাসা থেকে বের হয়ে যান মুস্তাফিজুর। ভোর ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে যেকোনো সময় তিনি ওই ঘটনা ঘটাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে বাড্ডা থানা পুলিশ।
নিহত মুস্তাফিজুরের বাড়ি বরগুনার কেওড়াবুনিয়া থানার লতাবাড়িয়া গ্রামে। তার বাবার নাম হাবিবুর রহমান। তিনি পরিবার নিয়ে উত্তর বাড্ডার নামাপাড়া আই সিডল প্রজেক্ট সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।


