রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ ও সেনাবাহিনী মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে।
বুধবার সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।
অভিযান সূত্রে জানা যায়, বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) মাসুদ আলমের নেতৃত্বে মাদকদ্রব্য অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম এই অভিযান অংশ নেন।
গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য সোহরাওয়ার্দী উদ্যানে অভিযুক্ত :মাদকসেবী সন্ত্রাসীদের’ হাতে নির্মমভাবে খুন হন। সে সময় উদ্যানে অভিযান চালিয়ে মাদক চক্র ভেঙে দেওয়ার দাবি ওঠে।
এদিকে, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর টাইমস অব বাংলাদেশকে জানান, সন্ধ্যার পর থেকে কয়েকটি সংস্থার সমন্বয়ে অভিযান পরিচালিত হয়েছে।
তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে মাদকসেবীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও আশেপাশে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা ২০ জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ টাইমস অব বাংলাদেশকে বলেন, মাদকবিরোধী এ অভিযানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।


