সেন্সর জট কাটছে বিজয়ের শেষ সিনেমার

সেন্সর জট কাটছে বিজয়ের শেষ সিনেমার
বিজয় থালাপতি
Advertisement
Advertisement

প্রায় ছয় মাস বিলম্বের পর মুক্তির পথে এগোচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ চলচ্চিত্র ‘জন নায়গন’। ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রিন জানিয়েছে, ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটি পর্যালোচনা শেষে নির্মাতাদের কিছু সংশোধনের নির্দেশ দিয়েছে। এসব পরিবর্তন শেষ হলে জুলাইয়ের শেষ সপ্তাহ বা আগস্টের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি পেতে পারে। একই সঙ্গে এটি ‘এ’ (অ্যাডাল্ট) সনদ পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

ছবির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিবিএফসির নির্দেশনা অনুযায়ী সম্পাদনার কাজ চলছে এবং আগামী সপ্তাহের মধ্যেই ডাবিং শেষ করার লক্ষ্য রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস-এর সুপ্রিথ মোহনও জানিয়েছেন, জুলাইয়ের শেষ সপ্তাহ কিংবা আগস্টের প্রথম সপ্তাহকে মুক্তির সম্ভাব্য সময় হিসেবে ধরা হচ্ছে।

পরিচালক এইচ. বিনোদের রাজনৈতিক ড্রামা ‘জন নায়গন’ প্রথমে ২০২৬ সালের ৯ জানুয়ারি পঙ্গল উৎসব উপলক্ষে মুক্তির কথা ছিল। ২০২৪ সালে রাজনৈতিক দল গঠন এবং পরে নির্বাচনে জয়ী হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি বিজয়ের অভিনেতা হিসেবে শেষ চলচ্চিত্র। সে কারণেই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।

তবে সেন্সর জটিলতায় নির্ধারিত সময়ে মুক্তি পায়নি ছবিটি। ২০২৫ সালের ডিসেম্বরে সেন্সর কমিটি কয়েকটি কাটছাঁটের শর্তে ইউ/এ সনদের সুপারিশ করলেও পরে কিছু অভিযোগের ভিত্তিতে ছবিটি পুনর্বিবেচনা কমিটির কাছে পাঠানো হয়। অভিযোগ ছিল, কয়েকটি দৃশ্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এবং সশস্ত্র বাহিনীকে বিতর্কিতভাবে উপস্থাপন করেছে।

এর মধ্যেই চলতি বছরের এপ্রিলে সেন্সর প্রক্রিয়া চলাকালে ছবিটির কয়েকটি দৃশ্য অনলাইনে ফাঁস হয়ে যায়। পরে তামিলনাড়ু সাইবার ক্রাইম শাখা তদন্ত শুরু করে এবং এ ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

‘জন নায়গন’-এ বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গৌতম মেনন, প্রিয়া ভবানী শঙ্কর ও যোগী বাবু।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad