জুলাই আন্দোলন সংশ্লিষ্ট নিউমার্কেট থানার একটি হত্যাচেষ্টা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সহকারী অধ্যাপক মো. মুকিব মিয়ার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
মুকিব মিয়া ৩১তম বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। সবশেষ লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে তাকে ফেসবুকে অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করে বিভিন্ন পোস্ট দিতে দেখা যায়। চলতি বছরের শুরুতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে লিফলেটও বিতরণ করেন তিনি। চাকরিবিধি লঙ্ঘনের এসব ঘটনায় গত ২০ জানুয়ারি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়।
এর জেরে গত ৩ ফেব্রুয়ারি রাতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার করা হয় মুকিব মিয়াকে।
মঙ্গলবার মুকিব মিয়াকে আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপপরিদর্শক সিয়াম আহমেদ।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন কাইয়ুম হোসেন নয়ন, আসামিপক্ষে ছিলেন মোরশেদ হোসেন শাহিন।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২ আগস্ট দুপুর দেড়টায় নিউমার্কেট থানাধীন নিউমার্কেটের দুই নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা করা হয়।
এতে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মাজেদুল ইসলাম, মেহেদী হাসান, মাহাবুব, নাহিদ, রাসেল, মিরাজ, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নাঈমা, সাম্মী আক্তার, সিটি কলেজ শিক্ষার্থী হাফিজা আক্তারসহ অনেক নিরস্ত্র ছাত্র জনতা ও সাধারণ পথচারী গুরুতর আঘাত প্রাপ্ত হন।
এই ঘটনায় নিউমার্কেট থানায় একটা হত্যাচেষ্টা মামলা করা হয়। যে মামলায় আসামি হিসেবে নাম ছিল মো. মুকিব মিয়ার।


