সুষ্ঠু নির্বাচন করার শঙ্কা দূরীভূত হচ্ছে না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেছেন, নির্বাচন ক্রমান্বয়ে একটি অবধারিত বিষয়ে পরিণত হয়েছে এবং নির্বাচনের পক্ষের শক্তি অনেক বেশি; নাগরিকরা নির্বাচন চায়, প্রধান প্রধান রাজনৈতিক দল নির্বাচন চায়, ব্যবসায়ী গোষ্ঠী নির্বাচন চায়, সেনাবাহিনীর ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন চায় এবং অন্তর্বর্তী সরকার নির্বাচন চায়, সেহেতু নির্বাচনের পক্ষের শক্তি অনেক। কিন্তু সুষ্ঠু একটি নির্বাচন করার যে শঙ্কা সেই শঙ্কা দূরীভূত হচ্ছে না।
বুধবার চট্টগ্রামে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ’ এর আয়োজনে প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় এসব কথা বলেন তিনি।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘নির্বাচন কমিশনকে এই শঙ্কা দূর করে একটি ভালো গ্রহণযোগ্য নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন হবে সেটা সকলে মেনে নিচ্ছে, কিন্তু ভালো নির্বাচন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে-এই শঙ্কা এখনো কাটছে না। ইউনূস বলেছেন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ করে দেখাবেন, আমরা তা দেখার অপেক্ষায় আছি।’
অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, দেশটা ক্ষমতাকেন্দ্রীক, দেশটা নাগরিকবান্ধব করে গড়ে তুলতে হবে, প্রতিটি জায়গায় নাগরিক ফোরাম গড়ে তুলতে হবে, নাগরিকদেরকে ঔক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা তুলে ধরেন। আলোচনায় মানুষ পরবর্তী সরকারের কাছে নিরাপত্তা, সুশাসন, মানবিক ও নাগরিক অধিকার, অসম্পদায়িকতা, দুর্নীতি মুক্ত দেশ, সচ্ছতা, জবাবদিহিতা, তৃতীয় লিঙ্গের মর্যাদা প্রদান ইত্যাদি বিষয় তুলে ধরেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিডির ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর নাজিম উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর সেকান্দার খান, অপকা’র নির্বাহী পরিচালক মো. আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকস) সমাজকল্যাণ সম্পাদক তাহসিনা রহমান, উত্তরণ-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র যুগ সাধারণ সম্পাদক তানিয়া আক্তার মাহি প্রমুখ।
অনুষ্ঠানে বলা হয় আগামী ২০ ডিসেম্বর ৮টি জেলার মানুষ ও ১৮টি বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজের প্রত্যাশাগুলো রাজনৈতিক দলগুলোর সামনে নাগরিক ইশতেহার হিসেবে তুলে ধরা হবে।


