বরিশালে আদালতের এজলাসে ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আরেকদল আইনজীবী।
এসময় আওয়ামী লীগপন্থী আইনজীবীদের ব্যানার ছিনিয়ে নেওয়া এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে আইনজীবী সমিতির সামনে এসব ঘটনা ঘটে।
এসময় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে কয়েকজন আওয়ামী লীগপন্থী আইনজীবী মানববন্ধন করেন। এতে অংশ নেন আইনজীবী সুব্রত কুন্ডু, চঞ্চল কুমার বিশ্বাস, কুমার দেবুল দেসহ অন্যরা।
তারা বরিশালে আদালতের এজলাসে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।
এর প্রতিবাদে বিএনপি সমর্থক আইনজীবীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমিতির দ্বিতীয় তলা ও নিচতলায় ঘোরেন। মিছিলে অংশ নেন গাজী কামরুল ইসলাম সজল, কাজী জয়নুল আবেদীন, তৌহিদুর রহমানসহ অন্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে মিছিল থেকে সমন্বয় পরিষদের ব্যানার ছিনিয়ে নেওয়া হয়। পরে কয়েকজন আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসম্পাদক, আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক আবু সাঈদ সাগরের রুমে গিয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করেন।
আবু সাঈদ সাগর টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে আওয়ামী লীগ সমর্থকদের জনপ্রিয়তা দেখে ভীতসন্ত্রস্ত হয়ে একদল আইনজীবী ঈর্ষান্বিত হয়ে আমার রুমে স্থাপিত বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল এসব অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক কতিপয় আইনজীবী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে কটূক্তি করেছিল। এ ঘটনায় সাধারণ আইনজীবীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তবে ছবি ভাঙচুরের ঘটনা ঘটেনি।’


